এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে ডিসিকে স্মারকলিপি

এলপিজি গ্যাসের অযৌক্তিক ও অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বাজারে কঠোর তদারকির দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

সোমবার (১২ সোমবার) স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সহকারী সেক্রেটারি শেখ মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আবদুল মজিদ, শহর দক্ষিণ শাখার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা ইতোমধ্যেই চরমভাবে বিপর্যস্ত। এর মধ্যে এলপিজি গ্যাসের সাম্প্রতিক অতিরিক্ত ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে অসহনীয় চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ভাড়াটিয়া জনগোষ্ঠী, ছোট ব্যবসায়ী এবং হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, অনেক এলাকায় বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে ইচ্ছেমতো দামে এলপিজি গ্যাস বিক্রি করছে, যা ভোক্তা অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। কার্যকর নজরদারির অভাবে এ ধরনের অনিয়ম দিন দিন বাড়ছে এবং সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করছে।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা, অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থ বিবেচনায় এলপিজি গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার দাবি জানান।