গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানকে গাজীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) গাজীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ও গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ হাসিনুর রহমান মিলন এ আদেশ দেন।

ট্রাইব্যুনাল থেকে প্রেরিত চিঠি সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি পূর্ব চাঁদপুর বারেক ভান্ডারীর দ্বিতীয় বার্ষিক ওরশ মাহফিলে, ৯ জানুয়ারি স্বপ্নগাঁছা নারী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং ১০ জানুয়ারি কম্পাস ফাউন্ডেশনের সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অংশ নেন মজিবুর রহমান।

অভিযোগে উল্লেখ করা হয়, এসব অনুষ্ঠানে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নিজের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মজিবুর রহমানের ফেসবুক আইডি থেকে এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয় এবং নিয়মিত নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ হিসেবে প্রতীয়মান হয়েছে। এ কারণে পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ প্রতিবেদন কেন নির্বাচন কমিশনে পাঠানো হবে না অথবা কেন সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ আদেশ অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের অস্থায়ী কার্যালয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ আদেশ দেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।