ইসলাম হিংসা-জুলুমকে সমর্থন করে না: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সুফি সংগঠন ও আলেম সমাজ সবসময় শান্তি ও ভ্রাতৃত্বের পক্ষে অবস্থান নিয়েছে। ধর্মকে রাজনৈতিক বিভাজনের হাতিয়ার না বানিয়ে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

আজ সোমবার আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি সংগঠনের হলুয়াঘাট উপজেলা ও ইউনিয়ন এবং বিভিন্ন দরগাহ, খানকা, আস্তানার দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তারা আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন ব্যক্ত করেন। মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ইসলাম কখনও হিংসা, বিদ্বেষ কিংবা জুলুমকে সমর্থন করে না। ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণই ইসলামের মূল শিক্ষা।

তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপি ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে ইসলমের রীতি, নীতি ও সংস্কৃতি ধারণ করে সমাজে ইসলামের শান্তি ও সুবাতাস ছড়িয়ে দিতে হবে। এসব রক্ষায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুফি সংগঠনসহ ধর্মীয় নেতৃত্বের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল মতো ও পথের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় সুফি সংগঠনের নেতৃবৃন্দ বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশপ্রেম, নৈতিকতা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এমরান সালেহ প্রিন্সের পক্ষে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আহলে সুন্নত ওয়াল জামাত সুফি সংগঠনের হলুয়াঘাট উপজেলা শাখার সভাপতি সূফী নূরে দুরবিন শাহ আলম আল সুরেশ্বরীর সভাপতিত্বে ও আবদুল আজিজ মাইজভান্ডারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাইদুল চিশতি, ইসমাইল চিশতি, হাবিবুর রহমান মুর্শিদপুরী, আনোয়ার মাইজভান্ডারী, সুরুজমুন্সী সুরেশ্বরী, আনাছ সুরেশ্বরী, মওলানা জসিম উদ্দিন মাইজভান্ডারী, বাবুল মানিকগঞ্জি বক্তব্য রাখেন।