ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইতোমধ্যে এই নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব, বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে কারণেই সব সংগঠনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সংগঠন, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ সব ধরনের সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।