অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে হত্যা

অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়া এবং প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার নিলিকে নির্মমভাবে হত্যা করে হোটেলের কর্মচারী। গত রবিবার বাগেরহাট থেকে র‌্যাব-৬ এর সহযোগিতায় মিলন মল্লিককে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‌্যাব-৩। তিনি বাগেরহাটের মা-া বাঁশখালী এলাকার মৃত সেকেন্দারের মল্লিকের ছেলে।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, দীর্ঘদিন ধরে নিহত ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার আগের রাতেও খাবার দিতে গিয়ে একই প্রস্তাব দিলে ভুক্তভোগী কিশোরী তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী নাইলনের দড়ি নিয়ে মিলন ওই বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে অনৈতিক প্রস্তাবে আবারও রাজি না হওয়ায় তিনি দড়ি দিয়ে গলা চেপে ধরেন। নিহত ফাতেমা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হওয়ার আশঙ্কায় রান্নাঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর বাসার আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যান।