ড. মঈন খান বললেন

শ্রমিক অধিকার সংরক্ষণে সঠিক পরিকল্পনা প্রয়োজন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পদ সৃষ্টি। সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটানো সম্ভব। এর জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।’

গতকাল শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আলোচনা সভায় মঈন খান এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগেই আমাদের সংবিধানে লিখিত আকারে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে কেন আজ আবার এই অধিকার নিয়ে নতুন করে দাবি তুলতে হচ্ছে?’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘শ্রমিক ইশতেহার’ প্রসঙ্গে বলেন, ‘দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় একটি পূর্ণাঙ্গ শ্রমিক ইশতেহার ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, এই ইশতেহার বাস্তবায়নের মূল দায়িত্ব তাদের ওপরই বর্তাবে। যারা ক্ষমতার বাইরে থাকবে, তাদের দায়িত্ব হবে এই ইশতেহার বাস্তবায়নে সরকারকে নিয়মিত চাপ প্রয়োগ করা।’