ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাচ্ছে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে ট্রাম্পের এই ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ইরানের সঙ্গে ‘ব্যবসা’ বলতে ঠিক কোন ধরনের লেনদেন বোঝানো হচ্ছে—সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। এসব দেশের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্কের কারণে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় কী প্রভাব ফেলবে—তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে ইরানে চলমান বিক্ষোভ দমনে সহিংসতা বাড়লে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে আসছিলেন ট্রাম্প। সেই ধারাবাহিকতার মধ্যেই এবার অর্থনৈতিক চাপ তৈরির ঘোষণা এল।
হোয়াইট হাউজ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কোন কোন দেশ এই শুল্কের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। সংস্থাটির আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
সূত্র: বিবিসি