নাগরিকদের ইরান ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নিজস্ব নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, ইরানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এর ফলে গ্রেপ্তার ও আহতের সংখ্যা বাড়ার পাশাপাশি সড়ক ও গণপরিবহণ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

চলমান সংকটের কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে তাদের ফ্লাইট বাতিল বা সাময়িকভাবে স্থগিত রেখেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের স্থলপথে প্রতিবেশী দেশ আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে অবস্থানকালে দীর্ঘ সময় ইন্টারনেট সংযোগ না-ও থাকতে পারে—এমন প্রস্তুতি নেওয়া জরুরি। পাশাপাশি যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার ওপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সংকটকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি সহায়তার ওপর নির্ভর করে কোনো পরিকল্পনা না রাখার জন্য ইরানে থাকা নাগরিকদের সতর্ক করা হচ্ছে।

যেসব নাগরিক আপাতত ইরান ত্যাগ করতে সক্ষম নন, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পাশাপাশি খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ ও দৈনন্দিন ব্যবহারের জরুরি সামগ্রী মজুদ রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে যেসব এলাকায় বিক্ষোভ চলছে, সেসব এলাকা এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে।

সূত্র: সিনহুয়া