ঢাকার বিমানবন্দর থেকে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ পাভেল আহম্মেদ ওরফে তোতলা পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ পাভেল আহম্মেদ (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে ও নিষিদ্ধ সংগঠন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি পাভেলকে ঢাকার বিমানবন্দর এলাকায় অবস্থান করেছে জেনে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।