ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট তাদের ভবনে সব ইরানি কূটনীতিক ও প্রতিনিধির প্রবেশ নিষিদ্ধ করেছে।
সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রোবার্টা মেটসোলা এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইরানের সাহসী জনগণ যখন নিজেদের অধিকার ও স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছে, তখন আগের মতো স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। এক্সে দেওয়া এক বার্তায় মেটসোলা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সব কূটনৈতিক কর্মকর্তা ও অন্য যেকোনো প্রতিনিধিকে ইউরোপীয় পার্লামেন্টের সব ভবন থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্যাতন, দমন-পীড়ন ও হত্যার মাধ্যমে টিকে থাকা কোনো শাসনব্যবস্থাকে বৈধতা দিতে ইউরোপীয় পার্লামেন্ট ভূমিকা রাখবে না। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইরানে বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।