বিদায়ী কোচ আলোনসোর জন্য এমবাপ্পের আবেগঘন বার্তা

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর বিদায়ী কোচ জাবি আলোনসোর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর সোমবার আলোনসোকে বরখাস্ত করে সান্তিয়াগো বার্নাবেউ কর্তৃপক্ষ।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলোনসোর সঙ্গে একটি ছবি পোস্ট করে ফরাসি তারকা লেখেন, “সময়ের হিসেবে খুব বেশি দিন হয়নি, কিন্তু আপনার অধীনে খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। প্রথম দিন থেকেই আমাকে যে আস্থা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আপনাকে আমি মনে রাখব এমন একজন কোচ হিসেবে, যাঁর ভাবনাগুলো ছিল স্পষ্ট এবং ফুটবল সম্পর্কে যাঁর জ্ঞান ছিল গভীর। আপনার পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা।”

গত বছর কার্লো আনচেলত্তির জায়গায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া আলোনসোকে অনেকেই ক্লাবটির ভবিষ্যৎ দীর্ঘমেয়াদি কোচ হিসেবে দেখছিলেন। তবে মাত্র সাত মাসের মাথায় তার মেয়াদের ইতি টানল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ ব্যবধানে বার্সেলোনার কাছে হারই হয়ে ওঠে বিদায়ের মূল কারণ। লা লিগায়ও চার পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল।

স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুপার কাপের ফাইনালের শেষে ‘গার্ড অব অনার’ কাণ্ডেই নাকি বেশ মণক্ষুণ্ণ হয়েছেন জাবি। চ্যাম্পিয়ন বার্সাকে সম্মান জানানোর প্রথা হিসেবে রিয়াল মাদ্রিদের কোচ কিলিয়ান এমবাপে-ভিনিসিয়ুস জুনিয়রদের গার্ড অব অনার দিতে বলেছিলেন। কিন্তু জাবির সেই নির্দেশনা না মেনে উল্টো সতীর্থদের নিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন এমবাপে। আর শিষ্যের এমন কাণ্ডেই নাকি জাবির রিয়াল ছাড়ার সিদ্ধান্তের অন্যতম কারণ। 

গুঞ্জন ছিল লস ব্লাঙ্কোসের তারকা ফুটবলাররা জাবির কোচিংয়ে সন্তুষ্ট ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র তো প্রকাশ্যেই স্প্যানিশ এই কোচের ওপর ক্ষোভ ঝাড়েন। জাবি থাকলে চুক্তি না নবায়ন না করারও হুমকি দিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তাতে ক্লাবের ভেতরে বাহিরের সব চাপ সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে জাবির জন্য। 

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলোনসো মোট ৩৪টি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ২৪টিতে জয়, চারটিতে ড্র ও ছয়টিতে হার—জয়ের হার ছিল ৭০ দশমিক ৬ শতাংশ। স্থায়ী কোচদের মধ্যে এই জয়ের হার নিয়ে তিনি ক্লাব ইতিহাসে পঞ্চম স্থানে আছেন। তার ওপরে আছেন মানুয়েল পেলেগ্রিনি, কার্লো আনচেলত্তি, রাডোমির আন্টিচ ও হোসে মরিনিও।