আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা করা হবে কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে সরকারিভাবে কাজ চললেও সিদ্ধান্ত নির্ভর করছে পে কমিশনের সুপারিশের ওপর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল বিষয়ে বর্তমানে কোনো অনুমোদিত সিদ্ধান্ত নেই। তিনি বলেন, পে কমিশন এ সংক্রান্ত কাজ করছে এবং কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।ৎ
এদিকে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ভারী ও হালকা উভয় ধরনের যানবাহন চালনায় দক্ষতা বাড়ানো হবে, যাতে আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের চালকদের সক্ষমতা আরও জোরদার করা যায়।
সরকারের এসব উদ্যোগকে চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত ও পরিকল্পনার মাধ্যমে অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করার চেষ্টা চলছে।