শিবালয়ে পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি, গ্রেপ্তার ১২

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল পাওয়ার গ্রিড স্টেশনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জামালপুর জেলার চিহ্নিত ডাকাত সুজন মিয়া (৩৯), ইসলামপুর উপজেলার রতম শেখ (৩২) ও কেরানীগঞ্জ থানা এলাকার বিল্লব হোসেন (৩৮)। এছাড়া গাজীপুরের শ্রীপুর উপজেলার হাওলা গ্রামের সোহাগ (২৮), মুন্না মাতবর (৩১), মো. রনি (২০) এবং রফিকুল ইসলাম (৩৫)কেও আটক করা হয়েছে। গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজু, আল-আমিন, আব্দুর রহমান, মনির ও শফিক নামে আরও পাঁচজনকে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় পাওয়ার গ্রিড অব বাংলাদেশ-এর আরিচা ১৩২/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইচার সাবস্টেশনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। একদল ডাকাত সাবস্টেশনে হামলা চালিয়ে বিপুল পরিমাণ তামার তার, কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত কর্মীদের জিম্মি করা হয় এবং নিরাপত্তাকর্মীদের গুরুতর আহত করা হয়।

ডাকাতরা সাবস্টেশনের সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালের প্রায় ৬০০ কেজি তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের মোট ১২ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।