চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী স্লীপার বাসের সুপারভাইজর মো. নাহিদ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী স্লীপার বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৮৯৩৯) চলন্ত অবস্থায় সামনে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাইকৃত ট্রাক (ঢাকা মেট্রো ঠ-১৫-২১৩৯)-এর পিছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাস সুপারভাইজর নাহিদ ও ৫ যাত্রী গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে নাহিদের মৃত্যু হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কান্তি সাহা জানান, দুর্ঘটনার পর বাস ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ থানায় আনা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার পর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।