স্বপ্নের ট্রফি আসছে ঢাকায়

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার কথা এখন গোটা দুনিয়াই জানে। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এ আসরে বাংলাদেশের খেলা নিয়ে স্বপ্ন দেখা লোক খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। তবে এই জনপদে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয় না এমন লোক খুব বেশি মিলবে না। সে দেশের রাজধানীতে বুধবার পুরো দিন থাকবে ১৮ ক্যারেট সোনা আর ম্যালাকাইট পাথরে গড়া ট্রফিটি। এ বছর ২০ জুলাই কার হাতে উঠবে মর্যাদার ট্রফি সেটা কেউ জানে না। তবে কোটি কোটি মানুষের পরম প্রার্থীতা ট্রফিটি আজ ঢাকার কিছু ভাগ্যবান মানুষ সামনে থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। সে সুযোগটি প্রতিবারের মতো করে দিচ্ছে কোকা-কোলা বাংলাদেশ।  তাদের “ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা” ক্যাম্পেইনের অংশ হিসেবে ট্রফিটি ভাগ্যবান টিকিট বিজয়ীদের জন্য কিছু সময়ের জন্য রাখা হবে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে। এ ট্রফির সঙ্গী হয়ে আসছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার এবং আর্সেনালের অজেয় (ইনভিনিসবল) স্কোয়াডের অন্যতম সদস্য গিলবার্তো সিলভা।

মঙ্গলবার ট্রফিটি ছিল ভারতের গোহাটিতে। সেখান থেকে এক দিনের জন্য ঢাকায় আসবে বুধবার। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তার সঙ্গে থাকবেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফিটি নিয়ে যাওয়া হবে হোটেল র‍্যাডিসন ব্লু-তে। 
চার বছর আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে কোকা-কোলার আয়োজন ছিল বিশাল। আর্মি স্টেডিয়ামে হয়েছিল কনসার্ট, ট্রফি দেখার সুযোগ পেয়েছিলেন অনেক ফুটবল ভক্ত। তবে  দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ট্রফি নিয়ে এবারের আয়োজনে অনেক কাটছাট করা হয়েছে। কেবলমাত্র কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকেলে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

পুরোর আয়োজনটাই যেহেতু কোকা-কোলার, তাই এখানে বাফুফের সম্পৃক্ততা সেভাবে নেই। জানা গেছে, জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন থাকবেন সকালের মূল অনুষ্ঠানে। ঘরোয়া লিগের খেলা চলায় নারী বা পুরুষ, অন্য ফুটবলারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা আছে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘খেলোয়াড়দের থাকার বিষয়টি আমরা (বাফুফে) নিশ্চিত নই। আমাদের বলা হয়েছে ট্রফি সকালে আসবে, তাবিথ ভাই রিসিভ করবেন। এরপর হয়তো বাফুফে এবং অতিথিদের জন্য আধা বা এক ঘণ্টার একটা সেশন থাকতে পারে। তারা আয়োজনটা খুবই সংক্ষিপ্ত করছে, এর বেশি কিছু নয়।‘

বিশ্বকাপ শুরুর আগে থেকেই বিশ্বব্যাপী কোকা-কোলার তত্ত্বাবধানে বিশ্ব সফরে বের হয় ইতালিয়ান শিল্পী সিলভিও গাজানিকার ডিজাইনে গড়া ৬.১৭ কেজি ওজনের ট্রফিটি। ৩ জানুয়ারি এটি এসে পৌঁছেছিল সৌদি আরবের রিয়াদে। এশিয়ার ট্যুরের শুরুটাও হয়েছিল রিয়াদ দিয়ে। ইতালিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া ট্রফিটি এর মধ্যেই ঘুড়েছে ৫১টি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশাল বিশ্বকাপের আবহ তৈরি করতেই এই বিশ্বভ্রমণ।