বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক হয়। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।
জামায়াত জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথা উল্লেখ করে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।