গ্রিনল্যান্ড ইস্যুতে গুরুত্বপূর্ন বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মধ্যে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতিনিধি দল হোয়াইট হাউসে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

গ্রিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী ভিভিয়ান মটজফেল্ডট এবং ডেনমার্কের লার্স লোক্কে রাসমুসেনের নেতৃত্বে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে। ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যেকোনভাবে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করবে, এমনকি এর ফলে ন্যাটো সম্পর্কেও চাপ পড়তে পারে।

এই বৈঠক গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের যৌথ অবস্থানের পর হচ্ছে। নিলসেন বলেছেন, 'যদি আমাদের যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের মধ্যে পছন্দ করতে হয়, আমরা ডেনমার্ককে বেছে নিই।' ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ অন্যান্য ইউরোপীয় নেতারা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। 

বিশেষজ্ঞরা বলছেন, বৈঠকের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। সম্ভাব্য ফলাফলের মধ্যে রয়েছে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিশ্চিত করা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ ব্যবহারের ও আর্কটিক নিরাপত্তার বিষয়ে আলোচনার সম্ভাবনা। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি কঠিন বৈঠক হবে এবং সম্ভবত শুধু সংলাপ শুরু হবে, পূর্ণ সমাধান নয়।