নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আইনুদ্দিন (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের গারামপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইনুদ্দিন গারামপাড়া গ্রামের মৃত মাইজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আইনুদ্দিন বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল সরকার জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।