নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী এবং জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মনির হোসেন কাসেমী সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও কালো টাকার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এসব অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মনির হোসেন কাসেমী আরও বলেন, নির্বাচন যেন অর্থের খেলায় পরিণত না হয়, সে জন্য প্রশাসনকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্ত্রাসী গ্রেপ্তারের নামে যেন কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন, সেদিকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।