কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগাঁও এলাকার মৃত মফা দেওয়ানের ছেলে।

নিহতের মেয়ে রেখা জানান, তার বাবা কেরানীগঞ্জের ‘হক ডক ইয়ার্ড’ নামের একটি ডকইয়ার্ডে প্রায় ২৫ বছর ধরে নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে প্রতিদিনের মতো কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি।

পথে বসুন্ধরা রিভারভিউ বালুর মাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাকে দাঁড় করিয়ে কোনো কিছু বোঝার আগেই পেটের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহমেদ দেওয়ান তার মেয়েকে ঘটনার বর্ণনা দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।