১১তম বার ওয়ানডের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি

রোহিত শর্মাকে সরিয়ে আবারও পুরুষদের ওয়ানডে ক্রিকেটে এক নম্বর ব্যাটারের আসনে উঠে এসেছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভাদোদরায় ভারতের সফল রান তাড়ায় কোহলির ৯৩ রানের ইনিংসই এই উত্থানের মূল ভিত্তি। ৯১ বলে খেলা ওই ইনিংসের সুবাদে ভারত ৩০০ রানের লক্ষ্য টপকে যায় এবং ম্যাচসেরার পুরস্কারও জেতেন কোহলি। ইনিংসটির পথে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজারের রানের রেকর্ড গড়েন তিনি।

৪ উইকেটে জেতা ম্যাচের ওই পারফরম্যান্সে ২০২১ সালের জুলাইয়ের পর ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন কোহলি। এনিয়ে ১১তম বার এক নম্বরে উঠলেন ডানহাতি এই ব্যাটসম্যান। প্রথমবার তিনি শীর্ষে উঠেছিলেন ২০১৩ সালের অক্টোবরে। এখন পর্যন্ত মোট ৮২৫ দিন তিনি ওয়ানডেতে নাম্বার ওয়ান হিসেবে কাটিয়েছেন, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। সব সময়ের তালিকায় তিনি আছেন দশম স্থানে; এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস, যিনি ২৩০৬ দিন ধরে এক নম্বর ছিলেন।

সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটিং ফর্ম ছিল চোখে পড়ার মতো। ভাদোদরার ম্যাচের আগে তাঁর শেষ চার ওয়ানডে ইনিংস ছিল ৭৪ অপরাজিত, ১৩৫, ১০২ ও ৬৫ অপরাজিত। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শুধু ওয়ানডে ফরম্যাটেই সক্রিয়।

অন্যদিকে, রোহিত শর্মা শুধু শীর্ষস্থানই হারাননি, প্রথম ওয়ানডেতে ২৬ রান করায় র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে এখন তিন নম্বরে চলে গেছেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ওই ম্যাচে ৭১ বলে ৮৪ রান করে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন। তবে তিনজনের পয়েন্টের ব্যবধান খুবই কম—কোহলির ৭৮৫, মিচেলের ৭৮৪ এবং রোহিতের ৭৭৫ পয়েন্ট—ফলে একটি বড় ইনিংসেই অবস্থান আবার বদলে যেতে পারে।

এদিকে ভারতের আরেক ব্যাটার কেএল রাহুলও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ভাদোদরায় ২১ বলে ২৯ রান অপরাজিত থাকার পর তিনি ১২ নম্বর থেকে উঠে এখন ১১ নম্বরে অবস্থান করছেন।