নরসিংদীর শিবপুর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর ও জাঙ্গাইলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবপুর থানার কারারচর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) এবং ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।
অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ, ফেনসিডিলসহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মদিনা জুট মিলসংলগ্ন কারারচর ও জাঙ্গাইলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি জামাল উদ্দিন খোকাসহ সাতজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সময় নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।