ইরান–যুক্তরাষ্ট্রের যোগাযোগ স্থগিত

কাতারের মার্কিন ঘাঁটি থেকে সামরিক সদস্যদের সরে যাওয়ার নির্দেশ

বুধবার সন্ধ্যার মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটির কিছু সামরিক সদস্যকে ঘাঁটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনজন কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

অপরদিকে, সম্ভাব্য সামরিক হামলা নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের চ্যানেল স্থগিত করা হয়েছে।

ইরানে বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারার সতর্কবার্তা ক্রমশই জোরালো হওয়ার মধ্যে এই পদক্ষেপ এসেছে।

আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

রয়টার্সকে এক কূটনীতিক বলেন, এটি বাহিনীর অবস্থানগত পরিবর্তন, কোনো আনুষ্ঠানিক সরিয়ে নেওয়ার আদেশ নয়। এই পদক্ষেপের পেছনে নির্দিষ্ট কোনো কারণ সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এদিকে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে।