সড়কে প্রাণ গেল বিএনপি নেতাসহ তিনজনের

কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম শহরের দিকে আসছিলেন। এ সময় তারামন বিবি মোড়ে পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জের ফতুল্লার জেলা ও দায়রা জজ আদালতের সামনে গতকাল দুপুরে পণ্যবাহী ট্রাকের চাপায় মাদুলী ইসলাম ভূঁইয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকার বাসিন্দা। সকালে মামলার বিষয়ে আদালতে এসেছিলেন বলে জানান তার প্রতিবেশী রোকসানা ইব্রাহিম। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দার রংছাতি ইউনিয়নের গারামপাড়ায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আইনুদ্দিন (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আইনুদ্দিন উপজেলার গারামপাড়া গ্রামের মৃত মাইজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সত্তরোর্ধ্ব আইনুদ্দিন বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।