ত্রয়োদশ সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি।’
গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এ অভিযোগ করেন। তবে এ সময় তিনি কারও নাম উল্লেখ করেননি।
মির্জা আব্বাস বলেন, ‘কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, যেগুলো স্পষ্টতই উসকানিমূলক। তাদের কাজকর্ম ও বক্তব্য অত্যন্ত আপত্তিকর। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীদের বিরুদ্ধে কথা বলছেন।’
নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে বিএনপির এই প্রার্থী বলেন, ‘আপনারা লক্ষ করলে দেখবেন, আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেখানে কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজেবাজে কথা বলছেন। উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি।’
এসব বক্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাতে চান না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দিতে চাই না, দেবও না। আমরা চাই, নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক।’
এ সময় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এ ধরনের উসকানিমূলক বক্তব্য ও আচরণ যেন কমিশন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’
ঢাকা-৮ আসনে কোনো প্রার্থী শাহজাহানপুর অভিমুখে হলে বুলডোজার পাঠানো হবে, মবোক্রেসিকে উসকে দিচ্ছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘আমি এটা শুনেছি মানুষের মুখে। একটা কথা হচ্ছে, মবোক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও নয়। ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসিনি।