বাংলাদেশের মতো তুরস্কেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

তুরস্কের মার্সিন প্রদেশে নির্মিত হচ্ছে দেশটির প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা। বর্তমানে এই আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে। এই বিদ্যুৎ কেন্দ্রে ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি ইউনিট স্থাপিত হবে। বাংলাদেশের মতো এখানেও সর্বাধুনিক রাশিয়ান তৃতীয় প্লাস প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ব্যবহৃত হচ্ছে, যা আন্তর্জাতিক সব নিরাপত্তা মান পূরণে সক্ষম।

তবে বাংলাদেশে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার এবং তুরস্কে একই মানের ৪৮০০ মেগাওয়াট ক্ষমতার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মিত হচ্ছে।

রসাটম জানিয়েছে চার ইউনিট বিশিষ্ট বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের কমিশনিং এর কাজ চলমান এবং একই সঙ্গে অন্যান্য ইউনিট গুলোর নির্মাণ ও স্থাপনের কাজও সফলভাবে এগিয়ে চলছে। 

সম্প্রতি দ্বিতীয় ইউনিটে একটি মাইলফলক অর্জিত হয়েছে। টার্বাইন ইউনিটের অভ্যন্তরে স্থাপিত হয়েছে টার্বাইন জেনারেটর স্ট্যাটার। এটি টারবাইন সরঞ্জাম স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রযুক্তিগতভাবে জটিল ধাপ।

টারবাইন জেনারেটরের স্টেটর বিদ্যুৎ কেন্দ্রটির সবচেয়ে ভারী উপাদানগুলোর একটি, যার ওজন ৪৩৭ টন, দৈর্ঘ্য ১২ মিটার এবং ব্যাস ৪.২ মিটার। বিশেষায়িত রিগিং সরঞ্জাম ও হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্টেটরটি নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। এ কার্যক্রমে ভারী যন্ত্রাংশ পরিবহন ও স্থাপনে অভিজ্ঞ একটি তুরস্কের প্রতিষ্ঠান সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।