ফাঁকা মাঠ, ক্রিকেটাররা হোটেলে; কী হচ্ছে মিরপুরে?

দুপুর দুইটায় বিপিএলের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু দুই দলের ক্রিকেটাররা এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যায়নি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা অনড় অবস্থান নিয়েছেন।

এমতাবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিসিবি শোকজ করেছে নাজমুল ইসলামকে। এতেও কাজ হয়নি। বিসিবির কয়েকজন পরিচালক যোগাযোগ করলেও এখনো মন গলেনি ক্রিকেটারদের। বোর্ডের পক্ষ থেকে নাজমুলকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও ক্রিকেটাররা সেটা গ্রহণ করেননি।নোয়াখালী এক্সপ্রেসের ডাগ-আউটও ফাঁকা।

মিরপুর শেরেবাংলায় খেলা শুরুর আগে দুই দলের ক্রিকেটারদের ওয়ার্মআপ চিরচেনা দৃশ্য। তবে আজ মাঠকর্মী ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। ড্রেসিংরুম, ডাগ-আউট সব ফাঁকা পড়ে আছে। ক্রিকেটারদের আল্টিমেটাম দেওয়ার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নাজমুল পদত্যাগ করেননি। বিসিবিও শোকজ ছাড়া কোনো ব্যবস্থা নেয়নি।

আজ দুপুর ১টায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে থাকা কয়েকজন ক্রিকেটারের বনানীতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এদিকে ক্রিকেটারদের আলটিমেটামের পর প্রথম বিভাগ লিগও কাল গভীর রাতে স্থগিত করা হয়। বিপিএলের ভাগ্যে কী আছে তা এখনো অনিশ্চিত।মাঠকর্মী আর বিসিবির কর্মকর্তা ছাড়া কেউ মাঠে নেই।

উল্লেখ্য, গতকাল বুধবার এক অনুষ্ঠানে এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’ফাঁকা পড়ে আছে চট্টগ্রাম রয়্যালসের ডাগ-আউট।