প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনায় পৌঁছায়। দলীয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।