বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শহরের পুনিয়াউট এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভায় সভাপতির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘২২ জানুয়ারির কর্মসূচিকে জনসমুদ্রে পরিণত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ঘাঁটি— এটি আমাদের প্রমাণ করতে হবে। চেয়ারম্যান হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় এটি তার প্রথম সভা। বিকেল ৩টায় তিনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। এই সভাটি আসন্ন নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে সভাটি সফল করতে হবে।’
এদিকে বিকেল সাড়ে ৪টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, চেয়ারম্যানের আগমন উপলক্ষে ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আনিছর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, জসিম উদ্দিন রিপন, শাজান সিরাজ, জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও মাইনুল হোসেন চপল।
এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী, জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী ইয়াহিয়া মাসুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, জনসমাগম নিশ্চিতকরণ ও সাংগঠনিক দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।