দুর্ঘটনা প্রতিরোধ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা

মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হাইওয়ে পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে নভেম্বর ও ডিসেম্বর-২০২৫ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি ছয় নির্দেশনা দেন।

সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রিজিওনাল অতিরিক্ত পুলিশ সুপার ও সব থানা-ফাঁড়ির অফিসার ইনচার্জরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় শুরুতেই অতিক্তির ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলামের সঞ্চালনায় নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ এবং ডিসেম্বও ২০২৪-এর খাতওয়ারি ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

অপরাধ পর্যালোচনা সভায় হাইওয়ে পুলিশপ্রধান মাঠপর্যায়ের সব কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে। সব সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে অটল থাকতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য জনমুখী পুলিশিং নিশ্চিত করতে হবে। মহাসড়কে সব ধরনের অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিতে হবে।

সেবাগ্রহীতাদের প্রতি আইনগত সহায়তা প্রদানে সর্বদা আন্তরিক হতে হবে। মহাসড়েকে থ্রি-হুইলার ও অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।