পূবালী ব্যাংকের শাখাপ্রধানদের ব্যবসায়িক সম্মেলন

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের প্রথম ব্যবসায়িক সম্মেলন-২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক আজিজুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এতে সব অঞ্চল প্রধান, করপোরেট শাখাপ্রধান এবং সব বিভাগপ্রধান ও নির্বাহীরা অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে ব্যাংকিং পরিচালনার জন্য নির্দেশ দেন করেন। ব্যাংকিং নীতিমালার যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এ দিকটায় বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংক খাতের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সবাই মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। কনফারেন্সে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক।