দেশের ক্রিকেটের টালমাটাল পরিস্থিতির মাঝে রংপুর রাইডার্সের অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন নুরুল হাসান সোহান। টুর্নামেন্টের বাকি অংশে রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস, যিনি জাতীয় টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে রংপুর।
রংপুরের হয়ে অধিনায়ক হিসেবে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিলেন সোহান। তবে এবারের বিপিএলটা ব্যাট হাতে তার সময়টা ভালো যাচ্ছে না। এ কারণেই দলের কথা চিন্তা করে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। একইসঙ্গে নিজের পারফর্মেন্সের উন্নতির জন্যও কাজ করছেন। গত কয়েকদিন ধরেই নাকি সোহান বিষয়টি নিয়ে কোচের সঙ্গে আলোচনা করছিলেন। অবশেষে এলো সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে রংপুরের প্রধান কোচ মিকি আর্থার বলেন, ‘আমি রংপুর রাইডার্সের আভ্যন্তরণী একটি পরিবর্তনের খবর জানাতে চাই। সোহান (নুরুল হাসান সোহান) কয়েক দিন আগে আমার কাছে এসে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে অনুভব করেছে যে তার নিজের পারফরম্যান্সের ওপর আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। এতে বোঝা যায়, সে মানুষ হিসেবে কতটা নিঃস্বার্থ যে নিজের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দলকে আগে প্রাধান্য দিয়েছে। সে চেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা দিতে এবং সেজন্যই সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।’
নতুন অধিনায়ক লিটন দাসের উচ্ছসিত প্রশংসা করে মিকি আর্থার বলেন, ‘সৌভাগ্যবশত আমাদের সাথে জাতীয় দলের অধিনায়ক আছেন, তাই আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই টুর্নামেন্টের বাকি সময় লিটন দাস আমাদের দলকে নেতৃত্ব দেবেন। কারণ সে জাতীয় দলের অধিনায়ক, এটি খুবই সহজ একটি পছন্দ ছিল। লিটন যেভাবে ক্রিকেট খেলে এবং তার যে আক্রমণাত্মক মানসিকতা, সেটা আমার খুব পছন্দ।’