ইয়েমেনে সৌদি সমর্থিত নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

ইয়েমেনের সৌদি সমর্থিত প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসেন আল-জিন্দানিকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে পদত্যাগের পর আল-জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন ইয়েমেনের শাসনব্যবস্থায় সৌদি আরবের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করবে। 

এই রাজনৈতিক রদবদল এমন এক সময়ে এলো, যখন ইয়েমেনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত বছরের শেষদিকে আমিরাত-ঘনিষ্ঠ দক্ষিণী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা দখলে নেয়। পরে সৌদি সমর্থিত বাহিনী অধিকাংশ এলাকা পুনর্দখল করে।

সৌদি প্রভাব জোরদারের আরেক পদক্ষেপ হিসেবে আট সদস্যের পিএলসি তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশের সাবেক গভর্নর ও এসটিসির জ্যেষ্ঠ নেতা ফারাজ সালমিন আল-বাহসানিকে কাউন্সিল থেকে বহিষ্কার করেছে। বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে সমর্থন ও সৌদি নেতৃত্বাধীন সামরিক ব্যবস্থার বিরোধিতা করায় তাকে অপসারণ করা হয়েছে বলে জানানো হয়। এর আগে চলতি মাসে এসটিসি নেতা ও পিএলসি সদস্য আইদারুস আল-জুবাইদিকে 'উচ্চ রাষ্ট্রদ্রোহিতার' অভিযোগে বরখাস্ত করা হয়। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। বরখাস্ত দুই নেতার পরিবর্তে সৌদি ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ইয়েমেনকে নতুন করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটি সরকারি কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দুই মাসের বেতন পরিশোধে ৯ কোটি ডলার দিচ্ছে। এর একদিন আগেই মানবিক সহায়তা প্রকল্পে ৫০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছিল রিয়াদ।