তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। আজ শুক্রবার সকাল ৯টায় গুলশানের বাসা থেকে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেমিসন গ্রিয়ার। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ভার্চুয়াল এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।