রিয়াল মাদ্রিদের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্প্যানিশ ডিফেন্ডার আলভারো আরবেলোয়ার একটি পুরোনো পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। পোস্টটিতে তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের উচ্ছসিত প্রশংসা করেছিলেন। আট বছর আগের সেই পোস্ট এখন রীতিমতো ভাইরাল।
সম্প্রতি সাবেক কোচ জাভি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছেন আরবেলোয়া। দায়িত্ব নেওয়ার পরই তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ সালে নিজের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্টে আরবেলোয়া লিখেছিলেন, ‘এমবাপ্পে যেন তরুণ লুক স্কাইওয়াকার। তুমি জানো, দেরিতে হলেও সে একদিন বিশ্ব শাসন করবে। সে একেবারে দানব!’
রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে বসার পর এমবাপ্পেকে নিয়ে আরবেলোয়ারের ৮ বছর আগের এমন ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা এমবাপ্পে। অনেকেই মনে করছেন, এমবাপ্পের প্রতিভা সম্পর্কে আরবেলোয়ার এই মূল্যায়নই প্রমাণ করে কেন তিনি ফরাসি এই ফরোয়ার্ডকে ঘিরে বড় প্রত্যাশা করেন। এখন আরবেলোয়া–এমবাপ্পে জুটি রিয়াল মাদ্রিদকে কোথায় নিয়ে যেতে পারে, সেটাই দেখার।