১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলার হরগজে সংঘটিত প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২ সালে সেলিম আল দীন হরগজ নাটকটি রচনা করেন। এটি প্রথম মঞ্চে এনেছিল ঢাকা থিয়েটার। সেলিম আল দীন নিজেও এ নাটকের নির্দেশনা দিয়েছিলেন। তারপর এটি মঞ্চে আনে স্বপ্নদল। যার নির্দেশনা দেন জাহিদ রিপন।
আজ স্বপ্নদল প্রযোজিত নাটকটির ৫০তম মঞ্চায়ন হবে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। সেলিম আল দীনের বর্ণনাত্মক নাট্যধারার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী নাটক হরগজ।
হরগজ নাটকে দেখা যায়, একদল ত্রাণকর্মী নানা চড়াই-উতরাই পেরিয়ে টর্নেডোবিধ্বস্ত গন্তব্যে পৌঁছে নানা অপ্রত্যাশিত ও অস্বাভাবিক ঘটনা দেখে বিস্ময়াভিভূত হয়ে পড়ে। সেখানে যেন এক মহাপ্রলয় ঘটে গেছে। এক সময় ত্রাণকর্মীদের প্রধান আবিদ ওই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে খণ্ডিত মানবদেহের অঙ্গ-উপাঙ্গ দেখে মর্মাহত ও হতবিহ্বল হয়ে ওঠে। হরগজ জনপদে মানুষের জীবনের এমন অপচয় প্রত্যক্ষ করে প্রাচ্যবোধে তাড়িত আবিদ ব্যক্তির শোককে সমষ্টির শোকরূপে অনুধাবন করে কিংবা সব মানবকে আপন আত্মীয়জ্ঞানে উন্মাদপ্রায় হয়ে পড়ে। কাব্যিক এ প্রযোজনায় শেষাবধি হরগজ যেন উদ্ধারকারী দলের সামনে রূপান্তরিত হয় বিশ্বব্যাপী ভাঙা মানবভুবনের রূপক হিসেবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোনালী, শিশির, সামাদ, আলী হাসান, জুয়েনা শবনম, সুমাইয়া, জাহিদ রিপনসহ আরও অনেকেই।