মির্জা আব্বাসকে বিশ্রাম, পাটওয়ারীকে আরও শেখার আহ্বান মেঘনা আলমের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই মডেল। তিনি বলেছেন, মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর আরও শেখা উচিত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঢাকা-৮ আসনের দুই পরিচিত রাজনৈতিক মুখ-মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, স্নেহের সঙ্গে বলবো, আরও শেখো!’

পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের।’

এর আগে, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।