রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করতে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে শুক্রবার প্রতিনিধি দলটি সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা দেয় প্রতিনিধি দলটি। মূলত দ্রুত কাজ শেষ করে কেন্দ্রটি চালু করার তাগিদ দিতেই এই পরিদর্শন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্প এলাকায় গিয়ে নির্মাণকাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

তিনি প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত প্রকৌশলীদের সাথে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দিনরাত পরিশ্রম করে বিশেষায়িত জাতীয় এ প্রকল্পকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল স্তরের কর্মকতা ও কর্মচারী আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান ও রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বিদ্যুৎকেন্দ্রটির ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের নির্মাণ কাজ শেষে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। শিগগির এতে জ্বালানি লোড হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

চলতি বছর প্রথম ইউনিট থেকে এবং আগামী বছর একই সক্ষমতার দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।