বিমানবন্দরে জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি  মো. শাহিন শেখকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি ) দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শাহিন শেখ রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর গ্রামের সুলতান শেখের  ছেলে। ২০২২ সালের মার্চে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে তারা সন্ধ্যায় রাজবাড়ী জেলা পুলিশের টিমের কাছে হস্তান্তর করেন। তিনি কাতার যাওয়া প্রস্ততি নিচ্ছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, নিষিদ্ধ ঘোষিত  জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ চারটি মামলা রয়েছে।