জুরাইনে পাপ্পু হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর জুরাইনে সিএনজি অটোরিকশাচালক পাপ্পু শেখ (২৬) হত্যা মামলার প্রধান আসামি বাপ্পারাজ ওরফে বাপ্পাকে  গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই আসামি ইউসুফ সরদার ও উজ্জল ওরফে কাঞ্চিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গতকাল শুক্রবার র‌্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় বাপ্পারাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, গত ১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় মাদক ব্যবসায়ী বাপ্পারাজ ও তার সহযোগীরা পাপ্পু  শেখকে লক্ষ্য করে দেশীয় হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে তিন রাউন্ড গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা কদমতলী থানায় একটি হত্যা মামলা করেন। র‌্যাব জানায়, গ্রেপ্তার বাপ্পারাজের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ কদমতলী থানায় আটটি মামলা রয়েছে।