আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরিফের পীর মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, সমাজে একদল নামধারী লোক রয়েছে, যারা আকিদার প্রতি উদাসীন। আবার কেউ কেউ মহান আল্লাহতায়ালা, নবী-রাসুল (আ.), সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে এবং ইসলামের বিভিন্ন বিষয়ে বেফাঁস মন্তব্য করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে, এ দেশে ইসলাম কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আসেনি। ইসলাম এসেছে আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। যারা বিভিন্ন ধরনের বেফাঁস মন্তব্য করবে, আমরা তাদের প্রতিহত করব।
গতকাল শুক্রবার দুপুরে বাদ জুমা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত দুদিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের শেষদিন আখেরি মোনাজাতপূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
ছারছীনা পীর বলেন, বর্তমানে লক্ষ করা যায়, একদল লোক ইসলামের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। তাদের যত্রতত্র ইসলামের নাম দেখলেই সেখানে আবেগপ্রবণ হয়ে নিজের ইমানকে বিসর্জন দেওয়া যাবে না। বরং যাচাই করে হক্কানি আলেমদের পরামর্শ সহকারে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
দুদিনব্যাপী মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার ছালেহী, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদির মো. মামুনুল হক প্রমুখ।