বাবর আজমকে সিঙ্গেল না দেওয়ার ঘটনায় মুখ খুললেন স্টিভ স্মিথ

বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি ডার্বিতে নাটকীয় জয়ের ম্যাচে বাবর আজমের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে ইচ্ছাকৃতভাবে সিঙ্গেল না দেওয়ার বিষয়ে এবার মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচে রোমাঞ্চকর জয় পায় সিক্সার্স। প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে থান্ডার ১৮৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে সিক্সার্স। ৪১ বলে সেঞ্চুরি করে বিবিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড গড়েন স্মিথ। রায়ান হ্যাডলির এক ওভারে

নেন ৩২।

তবে ম্যাচের মাঝের একটি মুহূর্ত নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্ক। ইনিংসের দশম ওভারের শেষ বলে বাবর আজম একটি সিঙ্গেলের জন্য দৌড় দিলেও স্মিথ তা প্রত্যাখ্যান করেন। পাওয়ার সার্জে নিজে স্ট্রাইক ধরে রাখার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেন তিনি। এতে অসন্তুষ্ট হন বাবর এবং ওভারের পর দুজনের মধ্যে কথোপকথন হতেও দেখা যায়। পরে বাবর আজম ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে যান।

আউট হওয়ার পর বাবরের ক্ষোভ প্রকাশের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনা প্রসঙ্গে ক্রিকেট সেভেনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ স্মিথ বলেন, ‘দশম ওভারের সময় আমাকে পাওয়ার সার্জ নেওয়ার কথা বলা হয়। আমি বলেছিলাম, আর এক ওভার দিলে ছোট বাউন্ডারিতে খেলব এবং বড় রান তুলব। সেটাই হয়েছে। তবে সিঙ্গেল না নেওয়ায় বাবর আজম হয়তো আমার ওপর খুশি ছিল না।’

এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বাবর আজমকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, এর আগেও বিবিএলে একই ধরনের ঘটনায় পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ‘রিটায়ার্ড আউট’ করা নিয়ে সমালোচনা হয়েছিল। বিবিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটবিশ্বে।