ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি

ইয়েমেনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানি নিয়োগ পেয়েছেন। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের স্থলাভিষিক্ত হলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে জিনদানি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। খবর রয়টার্স।

গত বৃহস্পতিবার সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলে সালেম বিন ব্রেইক পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানি নির্বাচিত হন।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেন। হুথিদের প্রতিহত করতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের সামরিক বাহিনী নিয়ে একটি জোট গঠন করা হয়, যা ২০১৫ সাল থেকে চলমান সংঘাতে হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথিদের, দক্ষিণাঞ্চল প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের নিয়ন্ত্রণে। দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিলের (এসটিসি) উত্থানের পর পরিস্থিতি স্থিতিশীল হলে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেয়।