বিগ ব্যাশে নতুন নিয়ম:  ব্যাটার করবেন না ফিল্ডিং, ফিল্ডার করবেন না ব্যাটিং

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (বিবিএল) ২০২৬–২৭ মৌসুম থেকে চালু হচ্ছে নতুন একটি কৌশলগত নিয়ম—‘ডিজিগনেটেড ব্যাটার’ ও ‘ডিজিগনেটেড ফিল্ডার’। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল চাইলে একজন খেলোয়াড়কে ডিজিগনেটেড ব্যাটার হিসেবে মনোনীত করতে পারবে। এই খেলোয়াড় শুধু ব্যাটিং করতে পারবেন, তবে তিনি ফিল্ডিং বা বোলিং করতে পারবেন না।

এই সুবিধা ব্যবহার করতে হলে দলকে বাধ্যতামূলকভাবে আরেকজন খেলোয়াড়কে ডিজিগনেটেড ফিল্ডার হিসেবেও ঘোষণা করতে হবে। ওই খেলোয়াড় বোলিং করতে পারবেন না, তবে চাইলে উইকেটকিপারের দায়িত্ব পালন করতে পারবেন। ডিজিগনেটেড ব্যাটার ব্যবহারের সিদ্ধান্ত ম্যাচ শুরুর আগে ব্যাট ফ্লিপের আগেই নিতে হবে বলে জানিয়েছে আয়োজকরা।

বিগ ব্যাশ লিগের জেনারেল ম্যানেজার আলাস্টেয়ার ডবসন বলেন, ‘এই নিয়ম দলের জন্য আরও বেশি কৌশলগত বিকল্প তৈরি করবে এবং দর্শকদের জন্য নতুন ধরনের রোমাঞ্চ যোগ করবে।’

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, এই নিয়ম অভিজ্ঞ ক্রিকেটারদের দীর্ঘদিন টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেবে এবং একই সঙ্গে তরুণদের দ্রুত অন্তর্ভুক্তিতেও সহায়ক হবে। তিনি বলেন, ‘এতে করে আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য বিগ ব্যাশে খেলা আরও আকর্ষণীয় হতে পারে, কারণ ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ার ঝুঁকি কমবে। যেমন ট্রাভিস হেডের মতো খেলোয়াড়দের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে পারে।’

উল্লেখ্য, ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) বর্তমানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু রয়েছে, যেখানে ম্যাচ চলাকালীন চারজন বিকল্প খেলোয়াড়ের মধ্য থেকে একজনকে মাঠে নামানো যায়। এর আগে ২০২০ থেকে ২০২২ পর্যন্ত বিগ ব্যাশে ‘এক্স-ফ্যাক্টর প্লেয়ার’ নিয়ম চালু ছিল, যেখানে ইনিংসের ১০ ওভার শেষে একজন বিকল্প খেলোয়াড় নামানোর সুযোগ ছিল। এখন দেখার নতুন ‘ডিজিগনেটেড ব্যাটার’ নিয়মটি ক্রিকেটে কেমন প্রভাব ফেলে।