২৪ শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিলো মাধবপুর ফাউন্ডেশন

হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ। শনিবার (১৭ জানুয়ারি) মাধবপুর পাইলট হাইস্কুলে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের নেতা গোলাম কিবরিয়া চৌধুরী।

উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদরাসার ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া ২৪ শিক্ষার্থীকে এককালীন এই বৃত্তি দেওয়া হয়। 

মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের উপদেষ্টা জকিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও কবির খান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, দেবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মতিউর রহমান খান চৌধুরী, ড.মহিউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও দেশ রূপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর।