মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা শুভেন্দুর 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করলেন রাজ্যটির বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দুকে জড়িয়ে সম্প্রতি মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে এই মামলা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলার রায়ে যদি তিনি ১০০ কোটি রুপি পান, তবে সেই সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক সেবামূলক কাজে দান করবেন।

নিজের এক্স হ্যান্ডেলে সেই মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু লেখেন, ‘মমতা ব্যানার্জী, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি, আর আপনি বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততার বিষয়ে আপনার জঘন্য কাল্পনিক অভিযোগ এবং তার প্রেক্ষিতে মানহানির নোটিশের প্রতি আপনার প্রতারণামূলক নীরবতা কোনোভাবেই আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে না।

এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয় গত ৯ জানুয়ারি কলকাতার একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সেই সভায় মমতা ব্যানার্জী অভিযোগ করেছিলেন যে কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়। এসময় তিনি শুভেন্দুকে ‘গাদ্দার’ হিসেবে অভিহিত করে দাবি করেছিলেন, জনৈক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দু অধিকারীর কাছে যায় এবং সেখান থেকে সেই অর্থ অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী আগেই তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশে তিনি জানতে চেয়েছিলেন, ঠিক কীসের ভিত্তিতে বা কোন প্রমাণের ওপর নির্ভর করে মুখ্যমন্ত্রী এমন গুরুতর অভিযোগ করেছেন। নোটিশে প্রামাণ্য নথি দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো উত্তর না আসায় শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এক্স হ্যান্ডেলে শুভেন্দুর পোস্টের স্ক্রিন শট