রংপুরের দেয়া ১৮২ রানের লক্ষ্য তাড়ায় ১৮ ওভার শেষে ১৪৭ রানে পৌছিছিল ঢাকা। ১৯তম ওভার মোস্তাফিজের বল থেকে ৪ রান নেয়ায় শেষ ৬ বলে ৩১ রান করার দরকার পরে।
রকিবুল হাসানের ওভারে সাইফুদ্দিন ৩ ছক্কা হাকালেও ৩১-এর নাগাল পায়নি ঢাকা। ১১ রানে ম্যাচ জিতে রংপুর রাইডার্স নিশ্চিত করে প্লে অফ। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস বিদায় নেয় বিপিএল থেকে। ৯ ম্যাচে ঢাকার পয়েন্ট ৪, রংপুরের ১০। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে, তবে শেষ চারের সমীকরণ এখানেই শেষ। আগেই প্লে–অফে জায়গা করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।
প্লে–অফের আশা বাঁচিয়ে রাখতে আজ ঢাকাকে ১৮২ রান করতে হত। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা খুব বেশি সময় আশা জাগাতে পারেনি।
৯৯ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর সাইফউদ্দিন ও ইমাদ যোগ করেন দলের সর্বোচ্চ জুটি ৪৮ রান। উনিশতম ওভারে ম্যাচ রংপুরের মুঠোয় নিয়ে আসেন মোস্তাফিজ। প্রথম বলে ফিরিয়েছেন ইমাদ ওয়াসিমকে, পরের পাঁচ বলে দিয়েছেন মাত্র ৪ রান। শেষ ওভারে তাই ৩১ রান আর করতে পারেনি সাইফুদ্দিন-তাসকিনরা।
কাল লিগ পর্বের শেষ দিন নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে শেষ ম্যাচ খেলবে রংপুর। ঢাকা খেলবে চট্টগ্রাম রয়্যালসের।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮১/৪ (ম্যালান ৭৮, হৃদয় ৬২; সাইফউদ্দিন ২/ ৩৩)। ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৭০/৭ (সাইফউদ্দিন ৫৮*, উসমান ৩১, মিঠুন ২৫; রানা ৩/১১, আশরাফ ২/৪৩)। ফল: রংপুর রাইডার্স ১১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।