নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি ) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারচর এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেয়ার সময় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তুপে পরিনত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা মেট্রো- গ ১৩৪৯৯৯ নাম্বারের একটি প্রাইভেটকার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার এক সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংস স্তুপে পরিনত হয়ে যায় প্রাইভেটকারটি। তবে পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পরে। পরে হাইওয়ে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংস স্তুপে পরিনত হয়ে যায়। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ধরণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থেকে লিকেজ হওয়ার কারণে এই বিস্ফোরণ হয়েছে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।