গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত

গোপালগঞ্জ-০২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার চারজন সমর্থক আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার এলাকায় এ ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের পক্ষে মিনারুল শিকদারসহ প্রায় ১০ জন কর্মী একটি মাহিন্দ্রা গাড়িযোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে প্রবেশ করেন। এ সময় তাদের মধ্য থেকে চারজন কর্মী রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছিলেন।

এ সময় বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থক অন্তর মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা প্রদান করে। এক পর্যায়ে কথা কাটাকাটির সূত্র ধরে তারা স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

পরিস্থিতি বেগতিক দেখে কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকেও তাদের মারধর করে। এ সময় কর্মীদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান মুঠোফোনে বলেন, এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি ঘটনা। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।