উপদেষ্টা ফরিদা আখতার 

টেকসই উন্নয়নে বিজ্ঞানভিত্তিক গবেষণার বিকল্প নেই

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য। টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করতে হবে। 

শনিবার (১৭ জানুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে ‘লাইফ সাইন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি (লাইফটেক-২০২৬)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ আন্তর্জাতিক কনফারেন্সে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনফারেন্সের সম্মানিত অতিথি ও এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, কনফারেন্সের আহবায়ক ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, কনফারেন্সের অরগানাইজিং সেক্রেটারি অধ্যাপক. ড. আমিনুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রুপম ও শান্তা সেন।